২০২৩ সালের পর আফ্রিকার বিভিন্ন দেশে নতুন ৮টি দূতাবাস চালু করেছে রাশিয়া। এতে মহাদেশটিতে রুশ দূতাবাসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮টিতে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মস্কোতে রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে এ তথ্য জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সম্মেলনে পুতিন জানান, আফ্রিকায় কূটনৈতিক উপস্থিতি সম্প্রসারণে ধারাবাহিকভাবে কাজ করছে মস্কো। ২০২৩ সালের আগের শীর্ষ সম্মেলনের পর থেকে নতুন ৮টি দূতাবাস কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে রাশিয়ায় আফ্রিকার দেশগুলোর কূটনৈতিক উপস্থিতিও বাড়ছে।

রুশ প্রেসিডেন্ট জানান, মস্কোতে নতুন দূতাবাস খোলার পরিকল্পনা করছে বতসোয়ানা, সেশেলস ও টোগো। দেশগুলোর এই উদ্যোগকে রাশিয়া সমর্থন করছে।

কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি আফ্রিকায় অর্থনৈতিক উপস্থিতি বাড়ানোর ওপরও জোর দেন পুতিন। তিনি জানান, বর্তমানে আফ্রিকায় রাশিয়ার ছয়টি বাণিজ্যিক মিশন রয়েছে, যেগুলোর কার্যক্রম মহাদেশটির ১৬টি দেশে বিস্তৃত।

আফ্রিকায় রাশিয়ার খনিজ সার সরবরাহও বেড়েছে। পুতিনের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর আফ্রিকায় প্রায় ১৫ লাখ টন খনিজ সার সরবরাহ করেছে রাশিয়া। চলতি বছরে এই সরবরাহ ইতোমধ্যে ২২ লাখ টন ছাড়িয়ে গেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি