বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন পর্তুগিজ কোচ ফার্নান্দো মিগুয়েল। আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন এই কোচ আগামী ১ নভেম্বর ডেনমার্কের কোপেনহেগেন থেকে বাংলাদেশে আসবেন।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত জাতীয় হ্যান্ডবল দলের উন্নত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন মিগুয়েল। তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠেয় ২১তম এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। ওই টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশ জাতীয় নারী দলের প্রস্তুতি ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তিনি।
ফেডারেশন জানায়, খেলোয়াড়দের কারিগরি দক্ষতা, কৌশলগত সক্ষমতা, শারীরিক প্রস্তুতি ও দলীয় সমন্বয় উন্নয়নে আধুনিক প্রশিক্ষণপদ্ধতি প্রয়োগ করবেন মিগুয়েল। পাশাপাশি পুরুষ জাতীয় দল ও বিভিন্ন বয়সভিত্তিক দলের সঙ্গেও কাজ করবেন তিনি।
ফার্নান্দো মিগুয়েল ডি অলিভেইরা নুনেস পর্তুগাল জাতীয় দলের হয়ে ৭০টি আন্তর্জাতিক সিনিয়র ম্যাচ খেলেছেন। খেলোয়াড়ি জীবনে ১৯৯২ সালে সুইজারল্যান্ডে ইউরোপীয় অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক, ১৯৯১ সালে পর্তুগালে লাতিন কাপ চ্যাম্পিয়নশিপ এবং ১৯৯৫ সালে আর্জেন্টিনায় বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন। ক্রীড়ায় অবদানের স্বীকৃতিস্বরূপ পর্তুগিজ সরকারের ক্রীড়া মেধা পদকেও ভূষিত হয়েছেন তিনি।
ক্লাব পর্যায়ে পর্তুগালের স্পোর্টিং ক্লাবের হয়ে একাধিক মেয়াদে খেলেছেন মিগুয়েল। এ ছাড়া স্পেনের লিগা এসোবালে জুভেন্টাড দিপোর্তিভো আরাতে এবং পর্তুগালের গিয়াসিও ক্লাব সুল, ভিটোরিয়া সেটুবাল ও সেইসাল ফুটেবোল ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন। তাঁর ক্লাব অর্জনের মধ্যে রয়েছে পর্তুগিজ জাতীয় লিগ শিরোপা, তিনবার পর্তুগিজ কাপ, পর্তুগিজ সুপার কাপ ও ইএইচএফ চ্যালেঞ্জ কাপ জয়।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ বলেন, প্রায় ২০ জন কোচের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, যার মধ্যে অধিকাংশই ইউরোপীয়ান। তাদের মধ্য থেকে মিগুয়েলের সঙ্গে সমঝোতা হওয়ায় তাঁকে বেছে নেওয়া হয়েছে।
সালাউদ্দিন আহমেদ বলেন, ‘যথাযথ প্রশিক্ষণের অভাব আমাদের সবসময়ই রয়েছে। এখানে আর্থিক বিষয়টিও জড়িত। সব মিলিয়ে বিদেশি কোচের অধীনে আমরা যেহেতু সাফল্যের ধারাবাহিকতা দেখতে পেয়েছি, এখন আর থেমে থাকা যাবেনা। এক্ষেত্রে স্থানীয় কোচদেরও উন্নত প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে।’



মন্তব্য করুন