উচ্চশিক্ষার পরিধি বাড়াতে শরীয়তপুর জেলায় একটি নতুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক প্রশাসনিক প্রক্রিয়া ও সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সরকারদলীয় হুইপ ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মিয়া নুরদ্দিন আহমেদ অপুর আবেদনের প্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি আনুষ্ঠানিক নির্দেশনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ এবং ‘সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রস্তাবিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল’-এর সদস্য সচিব মো. উজ্জ্বল হোসেন এই চিঠিতে স্বাক্ষর করেন।

চিঠিতে জানানো হয়, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মিয়া নুরদ্দিন আহমেদ অপু জেলাটিতে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানিয়েছিলেন। ওই আবেদনের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিতে এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন আকারে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ এই চিঠির অনুলিপি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সহ অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে অবগতির জন্য পাঠানো হয়েছে।