ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে সাভারে টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাককর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অস্থিতিশীলতা রোধে হেমায়েতপুরসহ সাভারের শিল্পাঞ্চলে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার সকালে আশুলিয়ার বেশিরভাগ পোশাক কারখানার শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে যোগ দিলেও সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে আন্দোলনরত শ্রমিকেরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। পরবর্তীতে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন।
শিল্পাঞ্চল সাভারের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি-৫ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসানের নেতৃত্বে সকাল থেকেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি মোতায়েন করা হয়। কারখানার আশপাশ, প্রধান প্রধান সড়ক এবং ঢাকা-আরিচা মহাসড়কে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও আনসারের পাশাপাশি বিজিবি সদস্যরাও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। লে. কর্নেল তৈমুর হাসান জানান, পোশাক খাতের স্থায়িত্ব এবং জনসাধারণের যাতায়াত স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবি সদস্যরা সড়ক এবং স্পর্শকাতর স্থানগুলোতে যৌথভাবে টহল ও নিরাপত্তা নিশ্চিত করছেন।




মন্তব্য করুন