মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিজ দল রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হওয়ার পর অবশেষে মুখ খুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি সব দায় প্রার্থীদের ওপর চাপিয়ে নিজেকে দলীয় রাজনীতি থেকে দূরত্বে রাখার আভাস দিয়েছেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে লেখেন, নির্বাচনে তিনি নিজে ব্যালটে ছিলেন না এবং তিনি থাকলে রিপাবলিকানরা বিপুল ভোটে জয়ী হতো। পরাজয়ের জন্য তথাকথিত ‘নামমাত্র রিপাবলিকান’ বা ‘আরিআইএনও’ (RINO) এবং টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটকে অভিযুক্ত করার পাশাপাশি সংবাদমাধ্যম ফক্স নিউজকেও দায়ী করেন তিনি।

দলীয় বিপর্যয় সত্ত্বেও ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসে যেকোনো বিল আটকে দেওয়ার হুমকি হিসেবে ‘ভিটো’ (VETO) লেখা বিশেষ লাল টুপি শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে পরে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প কিছুটা নমনীয় হয়ে জানান, তিনি ফলাফলের বাস্তবতাকে মেনে নিয়ে বিরোধী দল ডেমোক্র্যাটদের সঙ্গে একসঙ্গে কাজ করতে প্রস্তুত আছেন।

বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদ ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় ট্রাম্পের ওপর চরম রাজনৈতিক চাপ সৃষ্টি হবে। ডেমোক্র্যাটরা ট্রাম্প পরিবারের অর্থ উপার্জনের উৎস খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু করতে পারে, ইরানে হামলা চালানোর মতো বিতর্কিত সিদ্ধান্তের জবাবদিহি চাইতে পারে কিংবা ট্রাম্পকে পুনরায় অভিশংসনের উদ্যোগও নিতে পারে।