ইরানে এখনই কোনো বড় আকারের সামরিক হামলা চালানোর পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির বিরুদ্ধে যেকোনো সময় মার্কিন বাহিনী কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে ‘ফাইন্যান্সিয়াল টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের ওপর সর্বাত্মক চাপ প্রয়োগের বর্তমান কৌশলে মার্কিন প্রশাসন সন্তুষ্ট। পরিস্থিতির ইতিবাচক বর্ণনা দিয়ে তিনি বলেন, তারা যা চান তার সবই প্রায় অর্জিত হচ্ছে।

ইরানে সামরিক অভিযান চালানো নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক পূর্বাভাসের বিষয়ে ট্রাম্প বলেন, প্রস্তুত থাকলেও এখনই তা করার কোনো জোরালো প্রয়োজন দেখছেন না তিনি। এ ছাড়া ফক্স নিউজকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, অনর্থক বিপুল প্রাণহানি এড়াতে চান তিনি।

তবে হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে সম্প্রতি মার্কিন হামলার খবরটি স্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর দাবি, নির্মাণাধীন একটি এয়ার ডিফেন্স বা বিমান বিধ্বংসী স্থাপনা লক্ষ্য করে রাতারাতি এই হামলা চালানো হয়, যা পূর্ণমাত্রার যুদ্ধ নয় বরং একটি সাময়িক ও সীমিত সামরিক পদক্ষেপ ছিল।