প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে জেলা পুলিশ। আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সম্ভাব্য যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক।

মঙ্গলবার (৩ নভেম্বর) সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন সম্ভাব্য আগমনী এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় গুরুত্বপূর্ণ স্থানগুলোর সার্বিক পরিস্থিতি ঘুরে দেখার পাশাপাশি প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান, রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান এবং খুলনা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কর্মকর্তারা।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা পরিস্থিতির ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা সরাসরি পর্যবেক্ষণ করতেই এ পরিদর্শন করা হয়।

পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নেতৃত্বে এ তৎপরতাকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলা পুলিশের আগাম নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। সফরের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের প্রস্তুতি অব্যাহত রয়েছে।