জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের মধ্যে সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি স্পষ্ট জানিয়েছেন, এনসিপিতে যোগ দেওয়া ফারজানা আফরোজ নামের নারী তাঁর স্ত্রী নন।
ফারজানা আফরোজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে প্রকাশ করে গোলাম মাওলা রনি লেখেন, তিনি ফারজানা আফরোজের স্বামী নন। তিনি আরও উল্লেখ করেন, ওই নারী সাতকানিয়ার জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী, চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ পরিচিত এবং আমেরিকা প্রবাসী ইলিয়াসের নিকটজন।
এর আগে গণমাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়ে যে রনির স্ত্রী এনসিপিতে যোগ দিচ্ছেন, যেখানে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষারের উদ্ধৃতি ব্যবহার করা হয়। তবে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে তিনি জানান, কিছু সংবাদমাধ্যম তাঁর নাম ব্যবহার করে অনির্ভরযোগ্য তথ্য প্রকাশ করেছে। তিনি এ ধরনের বক্তব্য দেননি উল্লেখ করে বলেন, মূলত সাতকানিয়া উপজেলার এক সাবেক ভাইস চেয়ারম্যান এনসিপিতে যোগ দিচ্ছেন।
অন্যদিকে, সংবাদের বিষয়ে বক্তব্য জানতে ফারজানা আফরোজের মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তাঁর সাড়া পাওয়া যায়নি।




মন্তব্য করুন