সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে আগামী তিন মাসের মধ্যে পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় ‘বস্তায় আদা চাষ ও অসময়ে নিরাপদ টমেটো চাষ’ প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, বিএনপি কৃষিপ্রেমী সরকার। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময় থেকেই কৃষিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল।
সার সংকটের বিষয়ে মন্ত্রী জানান, দেশে সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত সার বরাদ্দ দেওয়া হয়েছে এবং আগামী দিনের চাহিদা মেটাতে পর্যাপ্ত মজুতও রয়েছে। আগামী মাসে আরও বেশি সার বরাদ্দ দেওয়া হবে। ভবিষ্যতেও সারের সংকট হবে না বলে আশ্বস্ত করেন তিনি।
পরে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন কৃষিমন্ত্রী। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, জেলা প্রশাসক আবু সালেহ মুসা জঙ্গীসহ কৃষি বিভাগ ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন