আদালত চত্বরে মেজাজ হারিয়ে সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগাল করেছেন চিত্রনায়িকা পরীমণি। জামিন নিয়ে আদালত প্রাঙ্গণ ছাড়ার সময় এই বিতর্কিত ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ঘটনাটি ঘটে বলে উপস্থিত একাধিক সাংবাদিক নিশ্চিত করেছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতেও বিষয়টি দেখা যায়।
ঘটনার বিবরণ অনুযায়ী, পরীমণি গাড়িতে ওঠার মুহূর্তে এক সাংবাদিকের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান এবং তাকে কিছুটা টেনে এনে জানতে চান, তিনি কেন তার গায়ে হাত দিয়েছেন। জবাবে ওই সাংবাদিক জানান, তিনি গায়ে হাত দেননি বরং অভিনেত্রী তার ট্রাইপড ভেঙে ফেলেছেন। এরপরই পরীমণি অশ্রাব্য শব্দ উচ্চারণ করতে থাকেন। সাংবাদিক ‘আপা’ সম্বোধন করে তার মোবাইল কেন টান দেওয়া হয়েছে জানতে চাইলেও অভিনেত্রী একই অভিযোগে সরব থাকেন। এ সময় তার দেহরক্ষীরাও সাংবাদিককে নানা বাক্যবাণে জর্জরিত করেন এবং গালাগালিতে যোগ দেন। একপর্যায়ে পরীমণিকে শান্ত করে গাড়িতে তোলা হয়।
এর আগে তার দেহরক্ষীদের বিরুদ্ধে এক বিচারপ্রার্থীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।
বিষয়টি নিয়ে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাতের বক্তব্য চাওয়া হলে তিনি জানান, ঘটনাগুলো তিনি নিজে দেখেননি। তবে এমন কিছু ঘটে থাকলে তা অনাকাঙ্ক্ষিত হবে। আদালত প্রাঙ্গণে পুলিশের যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমনটা ঘটত না বলেও তিনি মনে করেন।
প্রসঙ্গত, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন পরীমণি। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।




মন্তব্য করুন