টানা কয়েকদিনের অস্থিরতার পর সাভার-আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরেছে স্বাভাবিক ছন্দ। বৃহস্পতিবার সকাল থেকে কারখানাগুলোর সামনে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি চোখে পড়েছে। ডিইপিজেডসহ ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সব কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।
সকাল থেকেই শ্রমিকরা কেউ কারখানার নিজস্ব বাসে, কেউবা পায়ে হেঁটে কর্মস্থলে গিয়ে কাজে যোগ দেন।
যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশুলিয়া হেমায়েতপুরসহ গুরুত্বপূর্ণ কারখানার সামনে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বিজিবির বিশেষ টিমের টহল, পরিস্থিতি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে।
সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের সব এলাকায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছে শিল্প পুলিশ। বর্তমানে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে গাজীপুরেও পরিস্থিতির উন্নতি হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড ও আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত পাঁচ দিনের তুলনায় আজ সকাল থেকে মহাসড়ক ও গার্মেন্টস এলাকার পরিবেশ স্বাভাবিক দেখা গেছে। সকালে শ্রমিকেরা স্বাভাবিকভাবেই কারখানায় প্রবেশ করেন।
বিশৃঙ্খলা রোধে পুলিশ, এসআরবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশের ১৩ প্লাটুন এবং জেলা প্রশাসনের ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নিয়োজিত রয়েছেন।
প্রসঙ্গত, গত রাতে গাছা থানায় শিল্প পুলিশ বাদী হয়ে ১৫শ’ ব্যক্তিকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।




মন্তব্য করুন