আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন উপযোগী ইউনিয়নগুলোর তালিকা পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় ইউনিয়নের নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে সব জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু নামের নির্ভুলতা নয়—আইনি জটিলতা, সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির তথ্য এবং বর্তমানে নির্বাচন উপযোগী কোনো ইউনিয়নের নাম তালিকা থেকে বাদ পড়েছে কি না, সেগুলোও যাচাই করা হবে।

ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন সব জেলা নির্বাচন কর্মকর্তাকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যানুসারে ইউনিয়ন পরিষদের নির্বাচন উপযোগী তালিকা প্রস্তুত করা হয়েছে।

যাচাই শেষে কোনো সংশোধনীর প্রয়োজন দেখা দিলে—যেমন ইউনিয়নের নাম, তারিখ, মামলা, সীমানা জটিলতা কিংবা ভোটার তালিকা পুনর্বিন্যাস সংক্রান্ত তথ্য—তা আগামী ৮ নভেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় পাঠাতে হবে। আর তালিকার তথ্য সঠিক থাকলে সে বিষয়টিও লিখিতভাবে নিশ্চিত করতে বলা হয়েছে।