মোংলা বন্দরের দুটি কন্টেইনার জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন টু এর উদ্বোধন করতে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে প্রথমে মোংলায় পৌঁছাবেন তিনি।
মোংলা বন্দরে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে শুভেচ্ছা বিনিময়ও করবেন তিনি।
এরপর মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কন্টেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকারপ্রধান।
দুপুরে হযরত খান জাহান আলীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর সড়কপথে খুলনা জেলার উদ্দেশে রওনা দেবেন এবং খুলনা সার্কিট হাউজে যাবেন।
বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন টু এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সফর শেষে আজই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে খুলনা নগরীর দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে দক্ষিণাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার গল্প। নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।




মন্তব্য করুন