অভাবের সংসারে জন্ম, প্রাইভেট বা কোচিংয়ের সামর্থ্য ছিল না। তবু থেমে যেতে হয়নি স্বপ্নের পথচলা। বরিশালের আগৈলঝাড়ার বাকাল গ্রামের মেয়ে তিথি বিশ্বাস নিজের অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রম দিয়েই গড়েছেন দৃষ্টান্ত। ভ্যানচালক বাবার ভ্যানে চড়েই প্রতিদিন কলেজে যেতেন তিনি, আর নিজের পড়াশোনার খরচ জোগাতে অন্য শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন, কাজ করতেন সেলাই মেশিনে।

এই পরিশ্রমের ফল এবার হাতে হাতে। এসএসসিতে গোল্ডেন A+ অর্জনের পর এবার এইচএসসিতেও পেয়েছেন A+। সবচেয়ে বিস্ময়কর বিষয়, আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজের জেনারেল শাখায় ৫২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২০১ জন। আর পুরো কলেজে একমাত্র A+ পেয়েছেন এই তিথি।

মেয়ের সাফল্যে বাবা-মায়ের চোখে আনন্দের ঝিলিক থাকলেও দুশ্চিন্তার মেঘ কাটেনি। উচ্চশিক্ষার খরচ কীভাবে জোগাড় হবে, সেই ভাবনাই এখন তাদের। তিথির মতো মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এখন সবার দায়িত্ব। অর্থের অভাবে যেন কোনো স্বপ্ন থেমে না যায়।