রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে গাড়ির চালক কনস্টেবল মো. এনামুল আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের একাধিক সূত্র জানায়, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে এর মধ্য থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আর্মি গলফ ক্লাবের সামনে থাকা ক্যান্টনমেন্ট থানা পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ দায়িত্বে নিয়োজিত টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এতে বিস্ফোরণ ঘটলে গাড়ির চালক কনস্টেবল এনামুলের বাম চোখে সামান্য আঘাত লাগে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
ওসি গিয়াস উদ্দিন জানান, ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের বিষয় যাচাই-বাছাই চলছে। আহত পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি রয়েছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




মন্তব্য করুন