গাজীপুরে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলন চলাকালে দুষ্কৃতকারীদের প্রাণঘাতী হামলায় প্রাণ হারানো শ্রমিক তৌফিক হোসেনের শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রীর তহবিল থেকে নিহতের স্বজনদের জন্য এক লাখ টাকার আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়েছে।

গত ৪ নভেম্বর (বুধবার) শেষ বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে তৌফিকের নিজ বাসভবনে যান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। তিনি নিহতের স্ত্রী সেতু মনি ও ভাই হারুন উর রশিদসহ স্বজনদের শান্ত্বনা জানান এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদানের অর্থ আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

সহায়তা প্রদানকালে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সরাসরি মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে শোকসন্তপ্ত স্বজনদের সঙ্গে যুক্ত হন। তিনি এই অকালপ্রয়াণে গভীর সমবেদনা প্রকাশ করে নিহতের স্বজনদের আশ্বস্ত করে বলেন, সরকার সব সময় এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সব সাহায্য নিশ্চিত করবে। একই সাথে, এ নির্মম হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের দ্রুত সনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।

তৌফিকের বাড়িতে অবস্থানকালে ইউএনওর সাথে সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল হক জাহিদ এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।