এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা আগামী ২ ডিসেম্বর শুরু হবে। দুই দিনব্যাপী এই পরীক্ষা শেষ হবে ৩ ডিসেম্বর, আর ফলাফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে এই তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী জানান, এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য ২ ও ৩ ডিসেম্বর পরীক্ষা নেওয়া হবে এবং ২৩ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ, অর্থাৎ এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
এ বছর মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন, তাদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। ছাত্রদের মধ্যে পাস করেছেন ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন, পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছেন মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী, যাদের মধ্যে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ১৯ হাজার ৭২১ জন ছাত্রী। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন, সে হিসাবে এবার সংখ্যাটি কমেছে ২৯ হাজার ১৩।
এ বছর ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি, যা গত বছরের তুলনায় ৯১টি বেশি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি।
প্রসঙ্গত, গত ২ জুলাই শুরু হওয়া এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা ছিল এবং ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার সময়সূচি ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।




মন্তব্য করুন