নগদ টাকার ব্যবহার কমিয়ে সহজ, নিরাপদ ও দ্রুত ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে শরীয়তপুরে ‘এক দেশ, এক কিউআর—লেনদেনে বাংলা কিউআর’ কার্যক্রমের প্রচার-প্রচারণা ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শরীয়তপুর কনভেনশন সেন্টার থেকে র‌্যালিটি শুরু হয়। শহরের প্রধান সড়ক ও জেলা পরিষদ মার্কেট প্রদক্ষিণ শেষে র‌্যালিটি একই স্থানে ফিরে আসে। পরে সেখানে বাংলা কিউআর ব্যবহারের প্রয়োজনীয়তা, সুবিধা ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশালের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশালের পরিচালক মো. হাফিজুর রহমান এবং অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান।

উত্তরা ব্যাংক পিএলসি বরিশাল অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও জোনাল প্রধান মো. সাইদুল হকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি শরীয়তপুরের জোনাল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. সোহেল রানা এবং বাংলাদেশ কৃষি ব্যাংক শরীয়তপুরের জোনাল প্রধান ও উপমহাব্যবস্থাপক কল্যাণ কুমার অধিকারী। এ ছাড়া বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা, প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, বাংলা কিউআর চালুর মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার গ্রাহকেরা একটি অভিন্ন ব্যবস্থায় অর্থ লেনদেনের সুযোগ পাবেন। ফলে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে পণ্য ও সেবার মূল্য পরিশোধ আরও সহজ হবে। ক্রেতা-বিক্রেতা উভয়েই দ্রুত ও নিরাপদে লেনদেন করতে পারবেন।

বক্তারা আরও বলেন, ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং নগদ অর্থের ওপর নির্ভরতা কমাতে বাংলা কিউআর কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মধ্যে এ পদ্ধতির ব্যবহার বাড়ানো গেলে আর্থিক লেনদেনে স্বচ্ছতা এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগ আরও সম্প্রসারিত হবে। দেশের অর্থনীতিকে নগদবিহীন লেনদেনের দিকে এগিয়ে নিতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।