রাজধানী ঢাকা থেকে শরীয়তপুর হয়ে পর্যটননগরী কুয়াকাটা পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বিএনপি সরকারের মেয়াদে এ রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার দুপুরে শরীয়তপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

হুইপ অপু বলেন, ঢাকা থেকে শরীয়তপুর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ কার্যক্রমের উদ্বোধন করতে যোগাযোগমন্ত্রী ও রেলসচিবকে শরীয়তপুরে আনা হবে। পাশাপাশি জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শরীয়তপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ জেলাকে অবহেলিত হিসেবে দেখা হয়েছে। তবে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে শরীয়তপুরের সেই পরিচিতি বদলে দেওয়া হবে। ইনশাআল্লাহ, শরীয়তপুরকে একটি উন্নত ও গর্বিত জেলা হিসেবে গড়ে তোলা হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাঁকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলেও সতর্ক করেন তিনি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে হুইপ অপু নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। জীবনের লক্ষ্য নির্ধারণ, উচ্চশিক্ষা গ্রহণ ও ভবিষ্যৎ কর্মজীবন গঠনের বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দেন তিনি।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং জেলা পরিষদের প্রশাসক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রেল যোগাযোগের সম্প্রসারণ এবং দুটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা বাস্তবায়িত হলে শিক্ষা, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন স্থানীয়রা।