বীমা গ্রাহকদের দীর্ঘদিনের পাওনা দ্রুত বুঝিয়ে দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে গোপালগঞ্জে ৩ কোটি ৭ লাখ ১৮ হাজার টাকার বীমা দাবির চেক বিতরণ করেছে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি।

বুধবার (৪ নভেম্বর) মুকসুদপুর উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় গোপালগঞ্জ জেলার বীমা গ্রাহকদের মধ্যে মোট ৩ কোটি ৭ লাখ ১৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, জ্যেষ্ঠ উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া ও মো. জাহাঙ্গীর হোসেন এবং প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল। এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির জিএম (উত্তর) ও গোপালগঞ্জ জেলা সমন্বয়কারী মো. নাইমুল ইসলাম।

প্রধান অতিথি বি এম ইউসুফ আলী বীমা গ্রাহকদের হাতে দাবির অর্থের চেক তুলে দেন। এ সময় তিনি গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং বীমা দাবির অর্থ দ্রুত পরিশোধে প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম তুলে ধরেন।

আয়োজকরা জানান, গ্রাহকদের বীমা দাবি নিষ্পত্তিতে দ্রুততা নিশ্চিত করতে পপুলার লাইফ ইনস্যুরেন্স বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে গ্রাহকদের প্রাপ্য অর্থ যথাসময়ে বুঝিয়ে দেওয়ার পাশাপাশি বীমা খাতের প্রতি মানুষের আস্থা বাড়ানোর চেষ্টা চলছে।