বরিশালের হিজলায় সন্তান না হওয়ার অজুহাতে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এক ব্যক্তি। স্থানীয় সালিশ বৈঠকে স্বামীর পা জড়িয়ে ধরে কেঁদেও শেষ পর্যন্ত সংসার রক্ষা করতে পারেননি ২৫ বছর বয়সী স্ত্রী ইতি আক্তার।
শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর ভাই জুলহাস সরদার রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, দাম্পত্য কলহের জেরে ডাকা ওই সালিশে বিচ্ছেদ ঠেকাতে মরিয়া হয়ে ওঠেন ইতি। উপস্থিত সবার সামনে তিনি স্বামীর পা জড়িয়ে ধরে সংসার টিকিয়ে রাখার আকুতি জানান। কিন্তু কোনো মিনতিই কাজে আসেনি, বৈঠকেই স্ত্রীকে তালাক দেন পোশাকশ্রমিক স্বামী রনি খান।
বৈঠকে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং পুলিশের উপপরিদর্শক (এসআই) আজগর আলী রনিকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। কারও কোনো অনুরোধেই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি তিনি।
বিচ্ছেদের বিষয়ে রনি খানের দাবি, বিয়ের পর বিভিন্ন স্থানে চিকিৎসার মাধ্যমে তিনি জানতে পেরেছেন তাঁর স্ত্রী কখনো মা হতে পারবেন না। মূলত এ কারণেই তিনি আর সংসার না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে স্থানীয় সংবাদকর্মীদের কাছে দাবি করেন।
হিজলার মাসকাটা গ্রামের রিকিম আলী সরদারের মেয়ে ইতির সঙ্গে সাত বছর আগে পার্শ্ববর্তী মেহেন্দীগঞ্জ উপজেলার বাবনেরচর গ্রামের কাজল খানের ছেলে রনির বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁরা নরসিংদীর মাধবদীর চৌদ্দ পাইকা এলাকায় বসবাস করছিলেন। দীর্ঘ সময়েও সন্তান না হওয়ায় সম্প্রতি তাঁদের মধ্যে টানাপোড়েন শুরু হয়।



মন্তব্য করুন