গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারজিল সিকদার (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের গোবরা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সারজিল শহরের ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা শাহ আলম সিকদার ও মা নিরালা বেগম পৌর মহিলা দলের সভানেত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘোনাপাড়া থেকে মোটরসাইকেল নিয়ে শহরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সারজিলের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. কে.এম বাবরসহ বিএনপি নেতারা হাসপাতালে যান এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।