:
শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানোর পাশাপাশি মেধাবীদের উৎসাহিত করতে শরীয়তপুরের ডামুড্যায় ইসলামি মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছে সামাজিক সংগঠন সমবায় শান্তি সংঘ। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার আলহাজ্ব আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ৪০০ শিক্ষার্থী অংশ নেয়। সকাল থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে কেন্দ্র প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে আয়োজকদের পাশাপাশি স্থানীয় শিক্ষাবিদরাও সহযোগিতা করেন।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের বিভিন্ন কক্ষ ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় শিক্ষকেরা। সমবায় শান্তি সংঘের ভারপ্রাপ্ত সভাপতি মো. সুমন মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, পূর্ব ডামুড্যা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন, কনেশ্বর এসসি এডওয়ার্ড ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ শিক্ষক হাবিবুল্লাহ ও শরীয়তুল্লাহ এবং ১১ নম্বর চরভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দীক।
এ ছাড়া সংগঠনের সহসভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন ও বোরহান উদ্দিন, কাওসার আহমেদ, সেলিম উকিল, শাকিল উকিল, জুয়েল, আবু সাইদ ও আকাশ গাজীসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
পরীক্ষা পরিদর্শন শেষে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে ধর্মীয় জ্ঞান, নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলা প্রয়োজন। এ ধরনের মেধাবৃত্তি আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরিতে ভূমিকা রাখবে।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মের মধ্যে ইসলামি শিক্ষা ও নৈতিক মূল্যবোধের চর্চা বাড়ানো এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পরীক্ষার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে। পরে আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে উত্তীর্ণ ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও পুরস্কার বিতরণ করা হবে।



মন্তব্য করুন