খাগড়াছড়ির মাটিরাঙায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে অতর্কিত পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলুটিলা পুনর্বাসন পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—মাটিরাঙা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান সজল, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত ত্রিপুরা, ইউনিয়ন বিএনপির সদস্য প্রবীন্দ্র ত্রিপুরা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন ত্রিপুরা। তাদের মধ্যে গুরুতর আহত প্রবীন্দ্র ও সুমনকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এমএন আবছার অভিযোগ করেন, সন্ধ্যার দিকে আলুটিলা পুনর্বাসন এলাকার একটি স্কুলের সামনে বসেছিলেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী। এ সময় অতর্কিতভাবে ৩০ থেকে ৪০ জনের একটি দল তাদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে।

এদিকে অন্ধকারে হামলাকারীদের মুখ স্পষ্ট দেখতে না পারায় তাৎক্ষণিকভাবে কাউকে চিনতে পারেননি আহতরা। তবে জেলা বিএনপির পক্ষ থেকে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।