স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশের কোনো সরকারই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি বলে মন্তব্য করেছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এইচ এম রফিকুল ইসলাম।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শ্রমিকেরা নির্যাতন ও বঞ্চনার শিকার হয়েছেন। বর্তমান বিএনপি সরকারের আমলেও শ্রমিকদের ওপর নির্যাতন অব্যাহত রয়েছে; বরং পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে তিনি দাবি করেন। ২০২৪ সালের জুলাই আন্দোলনে শ্রমিকেরা নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় অংশ নিয়েছিলেন। কিন্তু অন্তর্বর্তী সরকার কিংবা বর্তমান সরকার—কোনো আমলেই তাঁদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি।
শনিবার (১৪ নভেম্বর) শরীয়তপুর জেলা শহরের চিকন্দী ফুটপার্কের হলরুমে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এইচ এম রফিকুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তা বাস্তবায়িত হলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। তাঁর অভিযোগ, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ না নিয়ে বর্তমান সরকার গার্মেন্টস খাত ধ্বংসের ষড়যন্ত্র করছে। শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। পাশাপাশি আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
‘ইসলামী শ্রমনীতি, কল্যাণমুখী অর্থনীতি ও শ্রমিকবান্ধব রাষ্ট্রনীতি প্রতিষ্ঠা’—এই লক্ষ্য সামনে রেখে আয়োজিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুহাম্মদ তরিকুল ইসলাম। তিনি সংগঠনের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা দেন।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের শরীয়তপুর জেলা শাখার সভাপতি মো. ফিরোজ আলম ঢালীর সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি মো. হাবিবুর রহমান মকদম ও দপ্তর সম্পাদক মো. শাহীন।
এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সরদার মানিক মিয়া, সেক্রেটারি হাফেজ মাওলানা জাহিদ হাসান, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এস এম হাবিবুর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটির শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কারী আবু ইউসুফ, জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদের শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মনির হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ ওবায়দুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সহসভাপতি মফিজুর রহমান রিপন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন জেলা কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এইচ এম রফিকুল ইসলাম নতুন কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ফিরোজ আলম ঢালী। সহসভাপতি হয়েছেন মফিজুর রহমান ও মো. আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন মুহা. হাবিবুর রহমান মকদম।
কমিটির অন্য পদে রয়েছেন—যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন ঢালী ও হোসেন বিল্লাল বেপারী, সহসাধারণ সম্পাদক কবির উজ্জামান ও শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. তামিম মেলকার ও মো. আলহাজ্ব নিরব বেপারী এবং অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন।
নতুন কমিটির দায়িত্বশীলদের সাংগঠনিক দায়িত্ব পালনের শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এইচ এম রফিকুল ইসলাম।
সম্মেলনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের শরীয়তপুর জেলা ও বিভিন্ন উপজেলা শাখার দায়িত্বশীল এবং শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন