শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় এই বাহিনী মোতায়েন রয়েছে। মোতায়েনকৃত সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে আছেন।

ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়ায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তারা মোতায়েন আছেন।

সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল প্রযুক্তিনির্ভর নজরদারি চালিয়ে যাচ্ছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় বিজিবি মোতায়েন করা হয়েছিল।