প্রবীণেরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, জ্ঞান ও অবদান সমাজের অমূল্য সম্পদ। তাই প্রবীণদের সম্মান, অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সব পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রবীণদের জন্য মানবিক ও মর্যাদাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

শনিবার (১৪ নভেম্বর) শরীয়তপুর সদর উপজেলার মরহুম নূর মোহাম্মদ কোতোয়ালের বাড়ির আঙিনায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, শরীয়তপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইন্তেজার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শামসুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুক আলী দেওয়ান।

সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট মতিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রশিদ, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সহসভাপতি কাউসার জাহান ফরিদা এবং শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের সদস্য আবুল হোসেন সরদার। এ ছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বেপারী।

বক্তারা বলেন, জীবনের দীর্ঘ সময় ধরে প্রবীণেরা পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে অবদান রেখেছেন। তাঁদের অবহেলা করার সুযোগ নেই। বরং তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পাশাপাশি সুস্থ, নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে হবে। প্রবীণদের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করা এবং তাঁদের অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তাঁরা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অ্যাডভোকেট রাশেদুল হাসান মাসুমের সভাপতিত্বে শরীয়তপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইন্তেজার রহমান নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে অধ্যাপক মোহাম্মদ আলী হোসেন মিয়াকে সভাপতি, অ্যাডভোকেট রাশেদুল হাসান মাসুমকে সিনিয়র সহসভাপতি এবং অনিক ঘটক চৌধুরী ও নুরুল হক মিয়াকে সহসভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক হয়েছেন মাসুক আলী দেওয়ান।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বেপারী, সাংগঠনিক সম্পাদক এবিএম মকবুল হোসেন, অর্থ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক আব্দুল কাদের দেওয়ান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আমির হোসেন বেপারী, মহিলাবিষয়ক সম্পাদিকা সেলিনা আক্তার এবং দপ্তর সম্পাদক আব্দুর রহমান বেপারী।

নতুন কমিটিকে পরবর্তী সময়ে অন্যান্য সদস্য অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।