দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে চট্টগ্রামের যোগাযোগের অন্যতম প্রধান রুট শরীয়তপুর–চাঁদপুর নৌপথ হঠাৎ করেই অচল হয়ে পড়েছে। ফেরির মাস্টারকে গ্রেপ্তার ও মামলার আসামি করার প্রতিবাদে শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টা থেকে ধর্মঘট শুরু করেছেন বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশনের সদস্যরা।

ফেরি চলাচল বন্ধ থাকায় সকাল থেকেই শরীয়তপুরের নরসিংহপুর এবং চাঁদপুরের হরিণা ঘাটে আটকা পড়েছে দুই শতাধিক যানবাহন। সাধারণত পাঁচটি ফেরির মাধ্যমে এই নৌপথে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৪৫০টি গাড়ি পারাপার হয়।

ঘাটে আটকে পড়া যানবাহনগুলোর মধ্যে কাঁচামালবাহী ট্রাকের চালকেরাই পড়েছেন সবচেয়ে বড় বিপাকে। ঝিনাইদহের কালীগঞ্জ থেকে সবজি ও কলা নিয়ে চট্টগ্রামগামী ট্রাকচালক মিলন রহমান ভোররাতে নরসিংহপুর ঘাটে এসে দেখেন ফেরি বন্ধ।

হতাশা প্রকাশ করে মিলন রহমান বলেন, ‘সকালের বাজার ধরার জন্য কাঁচামাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলাম। ঘাটে এসে দেখি ফেরি চলছে না। আমার মতো কয়েক শ যানবাহন আটকা পড়ে আছে। কখন ফেরি চলবে, তা-ও জানি না। এভাবে বেশি সময় অপেক্ষা করতে হলে কাঁচামাল নষ্ট হয়ে যাবে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।’

এই অচলাবস্থার সূত্রপাত হয় শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে। চাঁদপুরের হরিণা ঘাট থেকে শরীয়তপুরের নরসিংহপুর ঘাটে যাওয়ার পথে ভেদরগঞ্জ উপজেলার বেড়াচাক্কি এলাকায় ‘কাকলি’ নামের একটি ফেরির সঙ্গে বালুভর্তি বাল্কহেডের সংঘর্ষ ঘটে।

এতে ফেরিতে থাকা একটি বাস বাল্কহেডের সঙ্গে চেপে গেলে পাঁচ শিশু আহত হয় এবং তরিকুল ইসলাম (১১) নামের এক শিশু ঘটনাস্থলেই প্রাণ হারায়। দুর্ঘটনার পর আলুর বাজার নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা বাল্কহেডের দুই শ্রমিক ও ফেরির মাস্টার মোশারফ হোসেনকে আটক করেন এবং চারজনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় অবহেলাজনিত মৃত্যুর মামলা দায়ের করেন।

নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আমাদের ফেরির মাস্টার নির্ধারিত নৌপথ অনুসরণ করে ঘাটে যাচ্ছিলেন। ওই পথে অনুমোদনহীন কয়েকটি বালুভর্তি নৌযান চলাচল করছিল। বেপরোয়া গতির একটি নৌযান ফেরিতে ধাক্কা দিলে বাসের এক শিশু যাত্রী নিহত হয়। অথচ পুলিশ আমাদের ফেরির মাস্টারকে আটক করে তার বিরুদ্ধে মামলা করেছে। এটি মেরিন আইন পরিপন্থী বলে আমরা মনে করি। এ ঘটনার প্রতিবাদে ফেরির শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা চলাচল বন্ধ রেখেছেন। আমরা মাস্টারের মুক্তি দাবি করছি।’

অন্যদিকে চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, প্রাথমিক তদন্তে বাল্কহেড শ্রমিকদের পাশাপাশি ফেরির মাস্টারেরও অবহেলার প্রমাণ মিলেছে। প্রচলিত আইনেই এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, তবে ধর্মঘটের কারণ সম্পর্কে তিনি অবগত নন বলে উল্লেখ করেন।