ঢাকা, ১৪ নভেম্বর:
প্রাথমিক শিক্ষকদের পেশাগত মর্যাদা, আর্থিক নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ১২ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে প্রাথমিক শিক্ষক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিটিএবি)। শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো, পদোন্নতির সুযোগ বৃদ্ধি, প্রাথমিক শিক্ষা ক্যাডার গঠন এবং চাকরির সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেছে সংগঠনটি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত সংগঠনটির প্রতিনিধি সম্মেলনে এসব দাবি উপস্থাপন করা হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রাথমিক শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। প্রধান বক্তা ছিলেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ও আনিসুর রহমান তালুকদার।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় প্রধান অতিথিসহ উপস্থিত অতিথি ও শিক্ষক প্রতিনিধিরা দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি সম্মান জানান।

সম্মেলনে শিক্ষকদের দীর্ঘদিনের পেশাগত ও প্রশাসনিক সমস্যার সমাধানে ১২ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন, স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন এবং সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ হিসেবে নির্ধারণ করে শতভাগ বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা করা। একই সঙ্গে বিভাগীয় প্রার্থী হওয়ার ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা বাতিল এবং স্বতন্ত্র প্রাথমিক শিক্ষা ক্যাডার গঠনের দাবি জানানো হয়।

শিক্ষকদের কল্যাণে পৃথক প্রাথমিক শিক্ষা হাসপাতাল ও ব্যাংক প্রতিষ্ঠা, উচ্চতর গ্রেডসংক্রান্ত জটিলতা ও বেতনবৈষম্য দূর করা, টাইম স্কেল প্রদান এবং প্রয়োজন অনুযায়ী বেতন সমতাকরণের দাবিও উত্থাপন করা হয়।

বিদ্যালয়ের কর্মপরিবেশ উন্নয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি অবকাশবিহীন ঘোষণার পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে একজন অফিস সহকারী, একজন পরিচ্ছন্নতাকর্মী ও একজন নিরাপত্তাকর্মী নিয়োগের দাবি জানানো হয়। এতে শিক্ষকদের ওপর অতিরিক্ত প্রশাসনিক ও অন্যান্য কাজের চাপ কমবে বলে মনে করেন শিক্ষক প্রতিনিধিরা।

এ ছাড়া শিক্ষক নিয়োগ ও বদলিতে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রচলিত নীতিমালা পুনর্বিবেচনা, রাজনৈতিক কারণে হয়রানিমূলক বদলির শিকার শিক্ষকদের সুবিধাজনক বিদ্যালয়ে পদায়ন এবং জাতীয়করণ করা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের স্বপদে পদায়নের দাবি তোলা হয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে জাতীয়করণ থেকে বাদ পড়া প্রাথমিক বিদ্যালয়গুলো অগ্রাধিকারভিত্তিতে জাতীয়করণের আহ্বানও জানান তাঁরা।

বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করতে হলে শিক্ষকদের যথাযথ মর্যাদা, আর্থিক সচ্ছলতা, চাকরির নিরাপত্তা ও উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষকরা সম্মান ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেলে শিক্ষার মান উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তাই শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।

সম্মেলনে শিক্ষক সমাজের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়ন এবং শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত প্রতিনিধিরা।