বরিশালের গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দুটি বসতঘরের ওপর উল্টে পড়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন, তবে দ্রুত সরে যাওয়ায় প্রাণে বেঁচে গেছেন ঘরের বাসিন্দারা।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সাউদের খালপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুটি বসতঘর ও দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘গ্রিন লাইন’ ও ‘বরিশাল এক্সপ্রেস’ পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বরিশাল এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে স্থানীয় আলমগীর হোসেন ও রুবেল সরদারের বসতঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘর দুটি দুমড়ে-মুচড়ে গেলেও বাসিন্দারা দ্রুত বেরিয়ে আসায় কোনো প্রাণহানি ঘটেনি।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ঘরের বাসিন্দাদের কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত চার যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান, যার আগেই স্থানীয়রা বাকি আহতদের হাসপাতালে নিয়ে যান।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপর বাসটি জব্দ করে থানায় নিয়েছে। বসতঘরের ওপর থেকে উল্টে পড়া বাসটি সরিয়ে নেওয়ার পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



মন্তব্য করুন