নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার চাঁদা ও মাটি বিক্রির কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বক্তাবলীর আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ চলে।
সংঘর্ষে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এবং শর্টগান দিয়ে গুলিবর্ষণ করে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এবং গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলোর নিয়ন্ত্রণ, চাঁদা আদায় এবং মাটি ও শ্রমিক সরবরাহের কমিশন বাণিজ্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বক্তাবলী ইউনিয়নের অর্থবিষয়ক সম্পাদক হাজী সামাদ আলী এবং বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের সমর্থকদের মধ্যে এই বিরোধ থেকে শুক্রবার সকালে সংঘর্ষ বাধে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুপক্ষের পাঁচজনকে আটক করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



মন্তব্য করুন