শরীয়তপুর জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে শাহ আলম খান (৫০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃক্তরা। সোমবার (৩ জুন) দুপুর আড়াইটার সময় চৌরঙ্গী মোড়ে ‘খান হার্ডওয়ার ক্রোকারিজ’ নামের ওই ব্যবসা প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা নগদ ১ লাখ টাকা ও দোকানের মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় শাহ আলম খানকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত খান হার্ডওয়ার ক্রোকারিজের মালিক শাহ আলম খান বলেন, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ ঢালী বাড়ি থেকে লাঠিশোঠা নিয়ে ১৫ থেকে ২০ জন লোক আমার দোকানে ঢুকে ‘শালায় কই, ওরে আজ শেষ করে ফেলবো’ এই কথা বলেই তারা আমার ওপর হামলা চালায় এবং আমার দোকানের নগদ ১ লাখ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। কি করণে তারা হঠাৎ আমার ওপর এই হামলা চালিয়েছে আমি বলতে পারবো না। আমার সাথে কারো বিরোধ নেই। আমি দলবলও করিনা।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে হামলা ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।