শরীয়তপুরে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য ও দরিদ্র মেধাবী স্কুলছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুর ১২টার সময় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বাই সাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
সদর উপজেলার রুদ্রকর, ডোমসার, চন্দ্রপুর, ও বিনোদপুর ইউনিয়নের চারটি মাধ্যমিক বিদ্যালয়ের ২৮ জন ছাত্রীর মাঝে এলজিএসপি-৩ এর অর্থায়নে এই বাইসাইলেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, ‘বাল্য বিবাহ প্রতিরোধ, নারী শিক্ষা ও নারীর আত্মকর্মস্থার সৃষ্টির লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তারই অংশ হিসেবে বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য শরীয়তপুর সদর উপজেলার প্রতিটি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্যরা যেখানে বাল্য বিয়ের সংবাদ পাবে সেখানে গিয়ে তাদেরকে বুঝিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দিবে। তারা না পারলে প্রশাসনকে জানাবে, প্রশাসনের কর্মকর্তারা দিয়ে বাল্য বিয়ে বন্ধ করবে। এজন্য মেধাবী ও বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে বাইসাইকেল বিরতণ করা হয়েছে। এর আগেও সদর উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও বাইসাইকেল বিতরণ করা হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ, ডোমসার ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া মাদবর, রুদ্রকর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।