“বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” এই শ্লোগানে নানা আয়োজনে শরীয়তপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় জেলা প্রশাসক কাজী আবু তাহেরের নেতৃত্বে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল মান্নান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল মোমেন, সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ, জেলা শিক্ষা অফিসার এমারত হোসেন মিয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ ও পাবলিক প্রসিকিউটর অ্যাড. মির্জা হজরত আলী। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।