শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে গরিব, অসহায়, প্রতিবন্ধী ও দুস্থ পরিবারের মধ্যে ৩৮৭০০ কম্বল বিতরণ করা হয়েছে। এতে এ জেলার দুস্থ শীতার্ত মানুষ এই শীতের কবল থেকে কিছুটা রক্ষা পেয়েছে।

জানা গেছে, উক্ত জেলার ৬৫টি ইউনিয়ন, ৬টি পৌরসভা, ৬টি উপজেলা পরিষদ, ৬টি উপজেলা প্রশাসন, সমাজসেবার মাধ্যমে এসব কম্বল বিতরণ করা হয়। এর অংশ হিসাবে মঙ্গলবার রাত ৭টায় সদর উপজেলা ও পৌরসভার ভাসমান ও ছিন্নমূল দু:স্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ২০০টি কম্বল শীতবস্ত্র বিতরণ করা হয়।

জেলা প্রশাসন আয়োজিত এ কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এনডিসি জুলহাস হোসেন সৌরভ, সহকারী কমিশনার খান সালমান হাবিব, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা এ বি এম সিরাজুল হক, শরীয়তপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের জনবান্ধব কর্মকর্তা ও সহকারী পরিচালক আ: রাজ্জাক রনিসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ। জেলায় ৬৫টি ইউনিয়ন পরিষদ ও ৬টি পৌরসভার কার্যালয় থেকে পৌর মেয়র ও স্ব স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ৪৬০ জন অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় ৬০০০ কম্বল বিতরণ করা হয়।

এ ছাড়াও বিভিন্ন এতিমখানা, ভবঘুরে, দরিদ্রদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে ৩৮৭০০ কম্বল বিতরণ করা হয়েছে বলে জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।