“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বই বিতরণ উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়।
বুধবার ১লা জানুয়ারি বেলা ১১ টায় ৪৪ নং পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই বিতরণের মধ্য দিয়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ উৎসব অনুষ্ঠান শুরু হয়। এ সময় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান শেখ, শরীয়তপুর পিটিআইয়ের সুপারেন্টেন্ড (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ করম আলী।
এছাড়া সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হামিদুল হক এর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নিয়ামত হোসেন, ৪৪ নং পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ হামিদুল হক, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা সুকন্ঠ ভক্তসহ শিক্ষক-শিক্ষার্থী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আবু তাহের বলেন, আপনাদের ছেলেমেয়েদের ক্লাসে প্রথম হওয়ার জন্য চাপ প্রয়োগ করবেন না। তাদের সকল বিষয়ে প্রশিক্ষিত করে গড়ে তুলুন। দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে গড়ে তুলুন। ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন। তাহলেই সে আদর্শ নাগরিক হিসেবে তৈরী হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবার শরীয়তপুর জেলার ৬৯১টি প্রাথমিক বিদ্যালয়ে এক লাখ ৭৬ হাজার ৮৭৮ জন ছাত্র/ছাত্রীর মাঝে ছয় লাখ ৭ হাজার ৯৫টি বই বিতরণ করা হবে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলার মাধ্যমিক, এফতেদায়ী, দাখিল ও ভকেশনাল ১৯২টি শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ ৯ হাজার ৩২ শিক্ষার্থীদের মাঝে ২০ লাখ ৬৪ হাজার ৪২৫টি বই বিতরণ করা হবে।
নতুন বই পেয়ে কেমন লাগছে জানতে চাইলে শিক্ষার্থীরা বলে, খুব ভালো লাগছে। খুব আনন্দ লাগছে।
এ সময় অন্যান্য বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নতুন বছরের প্রথম দিনে বিনামূল্যে বই বিতরণ করেছে। এই সরকার শিক্ষা খাত থেকে শুরু করে বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন করেছে। বক্তারা আরও বলেন, আজকে যে শিশুরা বই পেলো তারা আগামী দিনের নেতৃত্ব দিবে। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। দেশের শিক্ষার হার বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।