শরীয়তপুর থেকে বিপুল পরিমান কচ্ছপ জব্দ করেছে পুলিশ। মংলা-চট্টগ্রাম মহাসড়কের মনোহর বাজার এলাকায় একটি যাত্রিবাহী বাসে অভিযান চালিয়ে শনিবার ভোর চারটার সময় পুলিশ এই কচ্ছপ জব্দ করে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জব্দকৃত কচ্ছপ অবমুক্ত করণসহ বাসের সুপারভাইজারকে জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিস সূত্র জানায়, জিএস পরিবহন (ঢাকা মেট্রো ল-১৪-৮৬৫৫) নামে একটি যাত্রিবাহী বাস প্রায় ১৫০টি কচ্ছপ বহন করে নিয়ে যাচ্ছিল। আংগারিয়া ফাঁড়ির পুলিশ পরিদর্শক মিন্টু মন্ডল, উপ পরিদর্শক ফখরুল ইসলাম, টিএসআই গোলাম মোস্তফা ও এটিএসআই সালাউদ্দিন অভিযান চালিয়ে কচ্ছপ জব্দ করে এবং বাসের সুপারভাইজার সেলিম হোসেন কে আটক করে। পরে ৪ জানুয়ারী শনিবার বেলা ১১টায় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সেলিম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করে এবং জব্দকৃত কচ্ছপ কীর্তিনাশা নদীতে অবমুক্ত করেন।
ভ্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে কচ্ছপ পরিবহন করার অপরাধে একজনকে জরিমানা করা হয়। জব্দকৃত কচ্ছপ কীর্তিনাশা নদীতে অবমুক্ত করা হয়েছে।



মন্তব্য করুন