শরীয়তপুর বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়াম মাঠ পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে জেলা প্রশাসনকে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছেন প্রাণের শরীয়তপুর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়াম মাঠের মূল ফটকে মানববন্ধনকালে এ আল্টিমেটাম দেন সংগঠনটির সভাপতি মো. রিয়াদ আহমেদ।

ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে সংগঠনটির সদস্য ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ শরীয়তপুরের শিক্ষার্থীরা হাতে লেখা পোস্টার হাতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

এসময় প্রাণের শরীয়তপুরের সভাপতি মো. রিয়াদ আহমেদ বলেন, মাঠের খেলা বন্ধ করে রাতের আধারে স্টেডিয়ামে ক্ষতবিক্ষত করে বানিজ্য মেলার আয়োজন করা হয়েছে, যার অনুমতি দিয়েছেন জেলা প্রশাসন । তারাই আমাদের তরুণ সমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছেন। এই স্টেডিয়াম মাঠে খেলোয়ারদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরা খেলাধুলা করে। আমাদের জেলায় খেলাধুলা করার জন্য এই একটি মাত্র জায়গা। সেই প্রাণের জায়গায় তারা হাত দিয়েছে। তারা শুধু হাতেই দেয়নি, দুই মাসের জন্য এই মাঠটিকে তারা ভাড়াও দিয়ে দিয়েছে বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য। আর এই বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে মাঠটিকে বস্তি বানিয়ে ফেলেছে। আমরা জেলা প্রশাসনের এই তামাশার সিদ্ধান্তর বিরুদ্ধে প্রতিবাদ জানাই।

এসময় তিনি জেলা প্রশাসনকে হুশিয়ারি দিয়ে বলেন, মাঠটিতে পূর্বের মত অনুশীলন উপযোগী করার পাশাপাশি খেলোয়াড়দের দ্রুত ফিরিয়ে আনুন। তবে জনগণের টাকা খরচ করে মাঠ সংস্কারের নামে কোন বাণিজ্য করা যাবেনা। যিনি এ তামাশা সিদ্ধান্ত দিয়েছেন, তাকেই এই মাঠ সংস্কার করে দিতে হবে। এছাড়াও আমাদের খেলোয়াড়দের মাঝে মাঠটিকে নতুন করে আধুনিকায়ন করে সাজিয়ে দিতে হবে। ভবিষ্যতে প্রশাসন যেন এমন কোন হটকারি সিদ্ধান্ত না নিতে পারে তাই আমরা আজ একত্রিত হয়েছি। আগামী ১০ দিনের মধ্যে এই মাঠকে পুনরায় খেলার উপযোগী করে দিতে হবে নয়তো আমরা বড় ধরনের আন্দোলনে যাবো।

মানববন্ধনে আশিক মাঝি নামের এক কলেজপড়ুয়া শিক্ষার্থী বলেন, জেলা প্রশাসনের অনুমতি পেয়ে মেলার আয়োজকরা ইটের গাথুনি দিয়ে মেলার আভিজাত্য তৈরি করেছে। এতে বলার অবকাশ রাখেনা তারা পিচের কি অবস্থা করেছে। আমাদের জেলার ছেলেরা খেলামুখী না হয়ে বিদেশ চলে যাচ্ছে। এর দায়ভার তো ক্রীড়া সংস্থাকেই নিতে হবে। জেলা প্রশাসকের উচিত ছিলো আমাদের জেলার ছেলেদের খেলামুখী করতে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা। তারাতো সেটি করেনি উল্টো এই স্টেডিয়াম মাঠে যারা নিয়মিত খেলাধুলা করতো তাদের বের করে দিয়ে বাণিজ্য মেলার আয়োজন করেছে। এখন আর মেলা হচ্ছে না। আমাদের একটাই দাবি আমাদের মাঠ আগের মতো খেলার উপযোগী করে দেয়া হোক।

 

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অভিজিৎ সুত্রধর বলেন, আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। জেলা প্রশাসনের পক্ষ থেকে অতি দ্রুত মাঠ সংস্কার করে দেয়া হবে।

 

উল্লেখ্য, শরীয়তপুর জেলার একমাত্র মাঠ বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়াম। মাঠটিতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা শিল্প ও বানিজ্য মেলার অনুমতি দেয়। পরে আয়োজকরা খোঁড়াখুঁড়ি করে বিভিন্ন স্থাপনা তৈরি করে। এতে তিন সপ্তাহ ধরে খেলা বন্ধ হয়ে যায়। মাঠ হয়ে পরে জরাজীর্ণ। এমতাবস্থায় বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। পরবর্তীতে মেলা বন্ধ হলেও মাঠ সংস্কারের কোন উদ্যোগ নেই।