নড়িয়া পৌর বাজার ও সুরেশ্বর ইলিশের আড়তে অভিযান চালিয়ে ১৪০ কেজি জাটকা উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৩১ জানুয়ারি) নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্যের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে জব্দ করা জাটকাগুলো এতিমখানা, গরিব ও দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়াও, অসাধু ইলিশ ব্যবসায়ীদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ এবং নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মৃধা।

নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মৃধা বলেন, “নভেম্বর থেকে জুন পর্যন্ত ঝাটকা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। অসাধু কিছু ব্যবসায়ী ও আরৎদার জেলেদের দাদনের বিনিময়ে জাটকা ধরার উৎসাহ প্রদান করেন।”

তিনি আরও বলেন, “অভিযান চলা কালীন সময় প্রত্যেক বাজার আরৎ, জেলে ও অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি জাতীয় সম্পদ রক্ষায় সকলকে উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে।”