সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পুনরায় দায়িত্ব পেলে দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত ও আধুনিকায়ন করাই হবে তার প্রধান লক্ষ্য। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে নির্বাচিত এই বিএনপি নেতা বলেন, দলীয় হাইকমান্ড দায়িত্ব দিলে বিগত সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী করে শিক্ষাসূচি পুনর্গঠন করার পরিকল্পনা রয়েছে তার।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালীন কাজের গতির কথা স্মরণ করে তিনি জানান, এবার সুযোগ পেলে পূর্বের চেয়ে বহুগুণ বেশি কাজ করার প্রস্তুতি রয়েছে। জিয়ারত শেষে তিনি দেশের সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন। এসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।