যশোরের চৌগাছায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ১৫ বছরের এক কিশোরী ও তার সঙ্গে থাকা ১৯ বছরের এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার কয়ারপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমানের বরাতে জানা যায়, নিহতরা হলেন চৌগাছার বাকপাড়া গ্রামের নাজমুল ইসলামের মেয়ে মিথিলা (১৫) এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন হোসেন (১৯)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মিথিলা মোটরসাইকেল চালিয়ে নয়নকে সঙ্গে নিয়ে একটি রেস্টুরেন্টে যাচ্ছিলেন। কয়ারপাড়া এলাকায় পৌঁছানোর পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে নয়নের মৃত্যু হয়। মিথিলার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

ওসি মামুনুর রহমান জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।