মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিশ্বের অন্যতম শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট’ বা এমওএবি (MOAB) ব্যবহারের পরিকল্পনা প্রস্তুত করেছে হোয়াইট হাউস ও পেন্টাগন। ‘মাদার অব অল বম্বস’ বা ‘সব বোমার মা’ নামে পরিচিত এই মারণাস্ত্র প্রয়োগের কৌশলগত প্রস্তুতি নিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ ও সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সূত্রের বরাতে জানা গেছে, যেকোনো পরিস্থিতিতে অভিযানের সাফল্য নিশ্চিত করতেই সম্ভাব্য এই রণকৌশল সাজানো হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, কৌশলগত পরিকল্পনা নিয়ে সরাসরি মন্তব্য না করলেও ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে মার্কিন প্রশাসন সব ধরনের বিকল্প পথ খোলা রেখেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সমঝোতা ব্যর্থ হলে সামরিক সংঘাত নতুন রূপ নিতে পারে।

যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে থাকা ২১ হাজার ৬০০ পাউন্ড ওজনের এই অ-পারমাণবিক বোমাটি মূলত ভূপৃষ্ঠের বিস্তৃত এলাকা ধ্বংসের জন্য তৈরি। ২০১৭ সালে আফগানিস্তানে আইএসের সুড়ঙ্গ নেটওয়ার্কে এটি প্রথমবারের মতো ব্যবহৃত হয়। তবে ইরানের ভূগর্ভস্থ ও শক্ত পাথরে সুরক্ষিত পারমাণবিক ও সামরিক স্থাপনা ধ্বংসে বাঙ্কার-বাস্টার বহির্ভূত এই বোমার কার্যকারিতা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

এদিকে হরমুজ প্রণালিতে তেল পরিবহন ও নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন চরম আকার ধারণ করেছে। এর মধ্যে মার্কিন বাহিনীর শক্তিশালী এমওএবি বোমা ব্যবহারের এই সামরিক পরিকল্পনা প্রকাশ পাওয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।