কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে আলোচনা চলছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি জানিয়েছে, আটক সদস্যরা সুস্থ ও নিরাপদ আছেন এবং দ্রুত ফেরত আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার, ১৬ অক্টোবর বিজিবি সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান বাহিনীর পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান। তিনি জানান, বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আটক দুইজন হলেন সহকারী উপপরিদর্শক ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। ঘটনাস্থল ব্রাহ্মণপাড়া থানার শশীদল সীমান্ত। ওই এলাকার পাহাড়ি ও জঙ্গলঘেরা ভূপ্রকৃতির কারণে দায়িত্ব পালনের সময় এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও অখণ্ডতা রক্ষা বিজিবির প্রধান দায়িত্ব। এ ধরনের ঘটনা নতুন নয় এবং বাহিনী তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে। প্রতিবেশী বাহিনীর সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখতে কার্যক্রম অব্যাহত আছে।

এ সময় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি। জানান, সারাদেশে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি দায়িত্ব পালন করবে। টহল, গোয়েন্দা নজরদারি ও দ্রুত সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। দুর্গম এলাকার জন্য প্রায় ২১টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। গুজব ও অপতথ্য প্রতিরোধে তথ্য যাচাইয়ের আহ্বান জানান তিনি। সূত্র: কালবেলা প্রতিবেদক।