শরীয়তপুরের জাজিরা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য সাঈদ আসলাম।

​গত বুধবার বিকেলে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে তিনি এলাকা ঘুরে দেখেন এবং চলমান প্রকল্পগুলোর খোঁজখবর নেন।

​এর আগে দুপুরে জাজিরা উপজেলার বড়কান্দি এলাকায় স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সভা শুরুর আগেই বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন ও মিছিল সহকারে সাধারণ মানুষ ও বিপুল সংখ্যক নেতাকর্মী সুসংগঠিতভাবে সমাবেশস্থলে জড়ো হন।

​পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সাঈদ আসলাম বলেন, “আগামীর পালং-জাজিরাকে সবার জন্য একটি চমৎকার, বাসযোগ্য ও শান্তিপূর্ণ জনপদে পরিণত করাই আমাদের লক্ষ্য। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমরা ইতিমধ্যে উপজেলার বিভিন্ন প্রান্তে উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছি। আমাদের দল ও সরকার সব সময়ই দেশের মৌলিক পরিকাঠামো ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে বিশ্বাসী। আপনারা দেখতে পাচ্ছেন, এরই ধারাবাহিকতায় পুরো এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে।”

​বড়কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জুলহাস আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদার মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী মোস্তফা, পান্নু জমাদ্দার, আলী আহমেদ মাতব্বর, হাই ফকির, কামরুল কাজী, শাকিল ফকির, শুকুর ফকিরসহ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।