দুর্গাপূজার ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। শুক্রবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়তে দেখা গেছে।

যাত্রীরা জানিয়েছেন, দীর্ঘ ছয় মাস পর পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে স্বস্তি বোধ করছেন। কেউ বাবার বাড়ি, কেউ শ্বশুরবাড়ি হয়ে পূজায় যোগ দিতে যাচ্ছেন বলে জানান।

তবে যাত্রায় ভোগান্তির অভিযোগও উঠেছে। যাত্রীদের ভাষ্য, টিকিট পেতে বিড়ম্বনা, নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়া এবং দাঁড়িয়ে যাতায়াত করতে হচ্ছে। ট্রেন ছাড়ার পাঁচ মিনিট আগে বার্তা পাঠিয়ে সময় জানানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

অন্যদিকে বাসযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। এক যাত্রী বলেন, তেলের দাম বাড়ার অজুহাতে ৫০ টাকা বেশি নেওয়া মানা যায়, কিন্তু ৭০০ টাকা বেশি নেওয়া যুক্তিযুক্ত নয়।

তবে পরিবহন সংশ্লিষ্টরা বাড়তি ভাড়ার অভিযোগ অস্বীকার করেছেন। বাস কাউন্টারের বিক্রেতাদের দাবি, নির্ধারিত ভাড়াতেই অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে এবং কোথাও কোথাও নির্ধারিত ভাড়ার চেয়ে কমও নেওয়া হয়েছে।
—