নরসিংদীর ঘোড়াশালে রেললাইনে হাঁটার সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় এক নারী ও তার আট বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ঘোড়াশালের ফুলদিরটেক এলাকার সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী আকলিমা আক্তার পাখি (৩০) ও তাদের মেয়ে রাফা মনি (৮)। তারা স্থানীয় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সন্ধ্যায় মেয়েকে সঙ্গে নিয়ে ঘোড়াশাল বাইপাস এলাকা দিয়ে হাঁটছিলেন আকলিমা। একপর্যায়ে তারা রেললাইনে ওঠার পর ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় আকলিমা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হয় শিশু রাফা মনি।
আহত অবস্থায় রাফাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে আকলিমার মরদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ চন্দ্র সরকার জানিয়েছেন, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন