“হিন্দু ভাই-বোনেরা সম্পূর্ণ নির্ভয়ে ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন। আপনাদের যাবতীয় নিরাপত্তার বিষয়টি আমি নিজে তদারকি করব। কেউ ভয়ভীতি বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাৎক্ষণিক আমাকে জানাবেন, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনার তেরখাদা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। শুক্রবার (১৬ অক্টোবর) আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি সহায়তা প্রদান করা হয়।

বক্তব্যে তিনি ঐতিহ্যগত অসাম্প্রদায়িক সম্প্রীতির কথা স্মরণ করে বলেন, “আমাদের দেশে হিন্দু-মুসলমানের সৌহার্দ্যের ইতিহাস বহু পুরনো। শৈশবে ঈদের আনন্দ যেমন হিন্দু বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতাম, তেমনি পূজাতেও তাদের বাড়ি যেতাম। উৎসবে ধর্মীয় কোনো দেয়াল ছিল না; ভালোবাসা ও আন্তরিকতাই ছিল মূল ভিত্তি। এই সম্প্রীতির ঐতিহ্য যেকোনো মূল্যে বজায় রাখতে হবে।”

তিনি আরও জানান, নাগরিক হিসেবে দেশে সবার মর্যাদা ও নিরাপত্তা সমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা অনুযায়ী হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে। জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষকেও সচেতন থেকে উৎসবের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, পূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে তেরখাদা উপজেলার ৯৭টি পূজামণ্ডপের প্রতিটির জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে।

তেরখাদা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শঙ্কর কুমার বালার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাউসার আলী, তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সমীর কুমার সাহা, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় এবং উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বিপ্লব কুমার সিকদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সুজন কুমার বদ্ধ, বীর মুক্তিযোদ্ধা মধুসূদন মজুমদার, সৈকত দাসসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠন এবং স্থানীয় সামাজিক-ধর্মীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।