বাংলাদেশের আন্দোলনের আদলে ভারতে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দ্য হিন্দুর খবরের বরাতে কালবেলা জানিয়েছে, শুক্রবার উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে বিজেপির রাজ্য কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
রাজনাথ বলেন, দিল্লিতে সাম্প্রতিক বিক্ষোভ বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত বলে তার দাবি। এই বিক্ষোভের উদ্দেশ্য প্রধান নির্বাচন কমিশনার বা ভোটার তালিকার সংশোধন নিয়ে প্রতিবাদ নয়, বরং রাজনৈতিক সংঘাতের হাতিয়ার হিসেবে তরুণদের ব্যবহার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে। তারা সংবাদ সম্মেলনে প্রকাশ্যেই বলেছে, সরকার পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ থেকে অনুপ্রেরণা নিয়েছে’। ‘সরকার পরিবর্তন’, ‘প্রতিরোধ’ এবং ‘সংসদ থেকে নয়, রাজপথ থেকেই পথ বের হয়’ ধরনের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, দিল্লিতে যা ঘটছে তা অরাজকতা সৃষ্টির মাধ্যমে ভারতের অগ্রযাত্রা ব্যাহত করার প্রচেষ্টা।
রাহুল গান্ধীকে উদ্দেশ করে তিনি বলেন, গণতন্ত্র রক্ষার নামে অচলাবস্থার রাজনীতি না করে জনমতকে সম্মান করা উচিত। সংবিধান পকেটে নিয়ে ঘুরলেও অরাজকতা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। নির্বাচন কমিশন নিয়ে কংগ্রেসের ইতিহাস ও অতীতের নিয়োগ প্রসঙ্গও তিনি উল্লেখ করেন।
—

মন্তব্য করুন