জনগণের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রস্থানীয় কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলাম। তিনি বলেন, “সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং তাদের অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে তৃণমূল নেতাকর্মীদের সর্বদা ঐক্যবদ্ধ থেকে শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হবে।”

​শুক্রবার (১৬ অক্টোবর) শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া সমিতির হাট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​অনুষ্ঠানে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়।

​শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে দলের স্থানীয় ও জেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিতলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইকবাল হোসেন লিটন মোল্লা।

​সংবর্ধনা সভায় বক্তারা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তৃণমূলের ভূমিকার কথা স্মরণ করেন। তারা বলেন, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের রাজনীতি বজায় রাখাই বিএনপির প্রধান শক্তি।

​সভাপতির বক্তব্যে আলহাজ্ব সিরাজুল হক মোল্লা বলেন, “বিএনপিকে একটি শক্তিশালী ও সুসংগঠিত ভিত্তি দিতে হলে দলের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্য ধরে রাখতে হবে। এলাকার মানুষের কল্যাণে এক হয়ে কাজ করাই আমাদের প্রধান অঙ্গীকার।”

​অনুষ্ঠানের সঞ্চালক ইকবাল হোসেন লিটন মোল্লা তাঁর বক্তব্যে বলেন, তৃণমূলই বিএনপির প্রাণ। নেতাদের প্রতি শ্রদ্ধা ও দলের প্রতি আনুগত্য রেখে প্রতিটি নেতাকর্মীকে জনগণের ভালোবাসা অর্জনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।

​সংবর্ধনা অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশটি স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ও উদ্দীপনায় এক মিলনমেলায় পরিণত হয়।