আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটর পদে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। বর্তমান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে এই গুরুত্বপূর্ণ পদে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
অ্যাডভোকেট আমিনুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী দলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। ওই সময় রাজনৈতিক মামলায় দণ্ডিত হয়ে তিনি কারাবরণও করেছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাজুল ইসলামকে ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড এবং গত ১৫ বছরে গুমের ঘটনাসংক্রান্ত মামলার বিচার কার্যক্রম চলছে। যেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। মাত্র তিন দিন আগেও তাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, প্রসিকিউশন টিমে পরিবর্তনের কোনো ইঙ্গিত তাঁর কাছে নেই। সরকারের এই আকস্মিক সিদ্ধান্তে আইনি ও রাজনৈতিক মহলে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন